গোপাল সিং, খোয়াই, ১৯ সেপ্টেম্বর || গাঁজা পাচার মামলায় বড় রায় ঘোষণা করল সোনামুড়া স্পেশাল অ্যান্ড NDPS আদালত। অভিযুক্ত দুই গাঁজা কারবারি— শাহজাহান মৈশান ও দেলোয়ার হোসেনকে দশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছ’মাস কারাবাস করতে হবে বলে আদালত জানিয়েছে।
ঘটনাটি ২০২২ সালের ১৬ মে-র। গোপন সূত্রে খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ এনসি নগর গ্রাম থেকে দুই কারবারিকে গাঁজা ও একটি বাইকসহ আটক করে। তৎকালীন থানার আইসি অনামিকা দত্তের নেতৃত্বে সফলভাবে এই অভিযান পরিচালিত হয়েছিল। মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ১১ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। সমস্ত প্রমাণ ও সাক্ষ্য বিশ্লেষণের পর বৃহস্পতিবার মাননীয় বিচারক শংকরী দাস অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নারায়ন দেবনাথ। আইন বিশেষজ্ঞদের মতে, এই সাজা শুধু গাঁজা পাচারকারীদের জন্যই নয়, সমগ্র মাদকচক্রের জন্যও বড় সতর্কবার্তা হয়ে থাকবে।
