গোপাল সিং, খোয়াই, ১৯ সেপ্টেম্বর || উদয়পুর কাঁকরাবন থানার অন্তর্গত মির্জা বাজারে শুক্রবার সকালে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। বরোদা ব্যাংকের সামনে থেকে উদ্ধার হলো এক গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ। মৃতার নাম অঞ্জলি সরকার।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে অঞ্জলি সরকার ও তাঁর স্বামী পঙ্কজ সরকারকে মারধর করে মির্জা বাজার এলাকার চার–পাঁচজন যুবক। পরে ওই রাতেই দম্পতি কাঁকড়াবন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফেরার পথে তাঁদের ওপর পুনরায় হামলার চেষ্টা হয়। অভিযোগ, গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।
পঙ্কজ সরকারের দাবি, সেই রাতে ঘরে ফিরে দু’জনে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে হঠাৎই খবর পান তাঁর স্ত্রী অঞ্জলি বাজারে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছেন। তড়িঘড়ি উদ্ধার করলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ ওঠে—এই ঘটনায় স্থানীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাতিজা মান্না মজুমদার, লিটন দাস সহ আরও কয়েকজন জড়িত।
ঘটনাকে ঘিরে এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। কাঁকড়াবন থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে অঞ্জলির মৃত্যু খুন নাকি আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়।
