সুব্রত দাস, গন্ডাছড়া, ২৪ সেপ্টেম্বর || গন্ডাছড়া মহকুমার ষাটকার্ডে এবারের শারদীয়া দুর্গোৎসব আয়োজন করছে মাতৃস্নেহ ক্লাব। গত বছরে নিরাপত্তাজনিত কারণে পূজা করতে না পারলেও, এবারে সদস্যদের অক্লান্ত পরিশ্রমে শ্রীশ্রীমাতা দুর্গা দুর্গতিনাশিনী মৃন্ময়ী মায়ের পূজা অনুষ্ঠিত হতে চলেছে।
ক্লাব সূত্রে জানা গেছে, এবারের পূজোর বাজেট ধরা হয়েছে প্রায় দুই লক্ষ টাকা। ক্লাবের কর্মকর্তা সুজিত দাস জানিয়েছেন, সম্পূর্ণ কাল্পনিক আদলে পূজা মণ্ডপ নির্মাণের কাজ করছেন সদস্যরা নিজেরাই। আরেক কর্মকর্তা প্রমোদ সাহা জানান, স্বল্প বাজেটের মধ্যেও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ নজর দিচ্ছে ক্লাব।
সপ্তমীর সন্ধ্যায় এলাকার প্রবীণদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। অষ্টমী ও নবমীতে দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করার পাশাপাশি দুটি দিনেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার দশমীতে প্রশাসনের নিয়ম মেনে সম্পন্ন হবে মায়ের বিসর্জন।
পূজা উপলক্ষে স্থানীয় সকলের উপস্থিতি ও আশীর্বাদ কামনা করেছেন মাতৃস্নেহ ক্লাবের সদস্যরা।
