সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য পুজোর আগে সুখবর, ৩% ডিএ ও ডিআর বৃদ্ধি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || আগামী দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় স্বস্তির বার্তা দিল রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভার অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ঘোষণা করেন, মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর)-এ অতিরিক্ত ৩% বৃদ্ধি করা হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ অক্টোবর, ২০২৫ থেকে।
মুখ্যমন্ত্রী জানান, এই পদক্ষেপে প্রায় ১২৫ কোটি টাকা অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে হবে সরকারকে। তবে তবুও রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী ও পেনশনারদের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, “আমাদের সরকার কর্মচারী-বান্ধব। আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি। দুর্গাপুজোর আগে এটি কর্মচারীদের জন্য এক বিশেষ উপহার।”
ডাঃ সাহা আরও উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর সরকার কর্মচারীদের পাশে রয়েছে। এর আগে মোট ২৯% ডিএ ও ডিআর বৃদ্ধি করা হয়েছিল, আর এবার অতিরিক্ত ৩% ঘোষণা করা হলো। মুখ্যমন্ত্রীর মতে, কেবল ১% বৃদ্ধি করতেও প্রায় ১০০ কোটি টাকা প্রয়োজন হয়। ফলে এবারের সিদ্ধান্ত নিঃসন্দেহে সরকারি কর্মচারী ও পেনশনারদের আর্থিক স্বস্তি এনে দেবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*