জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ০৪ নভেম্বর || উত্তর–পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের তরুণ নেতারা এক ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে একত্রিত হয়ে ঘোষণা করলেন নতুন রাজনৈতিক মঞ্চ — ‘ওয়ান নর্থ ইস্ট’। নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ার ডেপুটি স্পিকার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণার মাধ্যমে উত্তর–পূর্বের জনগণের ঐক্য, উন্নয়ন ও পরিচয়ের স্বার্থে একক রাজনৈতিক কণ্ঠ গঠনের আহ্বান জানানো হয়।
নেতারা জানান, দীর্ঘদিন ধরে একই সমস্যা ও দাবিদাওয়া নিয়ে বিভিন্ন মঞ্চে কথা বলা হলেও এখন সময় এসেছে একসঙ্গে কাজ করার। তাদের লক্ষ্য— উত্তর–পূর্ব ভারতের মানুষের স্বার্থে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাজনৈতিক সত্তা গঠন করা।
এই উদ্যোগে সামিল হন মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও এনপিপি সভাপতি কনরাড কে. সাংমা, তিপ্রা মথা প্রধান প্রদ্যোত কিশোর দেব বর্মণ, নাগাল্যান্ডের প্রাক্তন মন্ত্রী ম্মহোনলুমো কিকন ও আসামের ড্যানিয়েল ল্যাংথাসা। নেতারা জানান, ভবিষ্যৎ পরিকল্পনা ও কাঠামো নির্ধারণে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের বক্তব্য, “উত্তর–পূর্বের মানুষের কণ্ঠ জাতীয় স্তরে জোরালোভাবে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”
