গোপাল সিং, খোয়াই, ০৫ নভেম্বর || দিল্লি থেকে উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে রাজ্যে ফিরলেন তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আগরতলার মহারাজা বির বিক্রম বিমানবন্দরে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “উত্তর-পূর্ব ভারতের জনগণের স্বার্থ রক্ষায় এবার এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে আন্দোলন গড়ে উঠবে।”
প্রদ্যুৎ দেববর্মা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও এনপিপি সভাপতি কনরাড কে. সাংমা, নাগাল্যান্ডের প্রাক্তন বিজেপি মুখপাত্র মমহোনলুমো কিকন এবং অসমের পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল লাংথাসা—এই চার তরুণ নেতা দিল্লিতে যৌথভাবে ঘোষণা করেছেন এক নতুন রাজনৈতিক ফ্রন্ট “Joint Statement – One North East”।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) দিল্লিতে প্রকাশিত ঘোষণাপত্রে বলা হয়, উত্তর-পূর্ব ভারতের তরুণ প্রজন্মের নেতৃত্বে এই নতুন প্ল্যাটফর্মের লক্ষ্য হবে আঞ্চলিক পরিচয়, উন্নয়ন ও সাংবিধানিক অধিকারের সমন্বিত রক্ষা।
রাজনীতিক মহলের মতে, এই জোট উত্তর-পূর্ব ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে। প্রদ্যুৎ কিশোর দেববর্মা জানিয়েছেন, “এই উদ্যোগ দল বা ব্যক্তির জন্য নয় — এটি মানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করার জন্য।” রাজ্য রাজনীতিতে এখন জোর জল্পনা — নতুন এই ঐক্যবদ্ধ ফ্রন্ট কি জাতীয় রাজনীতিতেও উত্তর-পূর্ব ভারতের জন্য একটি প্রভাবশালী শক্তি হয়ে উঠবে?
