অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়ার সিলভার জুবিলি সম্মেলন ‘টপিকন-২০২৫’-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ নভেম্বর || হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজের বিবেকানন্দ অডিটরিয়ামে শনিবার থেকে শুরু হলো ‘টপিকন-২০২৫’। অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া (এপিআই)–এর ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের উদ্যোগে এই দু’দিনব্যাপী সিলভার জুবিলি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে চিকিৎসক সমাজের অবদান অপরিসীম। এই ধরনের একাডেমিক সম্মেলন চিকিৎসা গবেষণা, চিকিৎসা-প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন এবং চিকিৎসকদের মধ্যে জ্ঞান-বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে।”
মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমে লেখেন,
“ত্রিপুরা মেডিক্যাল কলেজের বিবেকানন্দ অডিটরিয়ামে অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া (এপিআই) ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের সিলভার জুবিলি কনফারেন্সে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত। একাডেমিক উৎকর্ষতা, চিকিৎসা উদ্ভাবন এবং ত্রিপুরায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২৫ বছরের অবিচল যাত্রাকে স্মরণ করা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
‘টপিকন-২০২৫’-এর এই আয়োজনে রাজ্যের বিভিন্ন জেলা ও চিকিৎসা প্রতিষ্ঠানের বহু চিকিৎসক অংশগ্রহণ করেছেন। দু’দিনব্যাপী এই সম্মেলনে আধুনিক চিকিৎসা পদ্ধতি, গবেষণার অগ্রগতি ও জনস্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা, কর্মশালা এবং গবেষণা পত্র উপস্থাপন হবে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনটি রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনার সুযোগ সৃষ্টি করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*