গোপাল সিং, খোয়াই, ০৯ নভেম্বর || সীমান্ত কাঁটাতারের বেড়া যেন আর বাধাই নয় ওপারের চোরদের জন্য! বিএসএফ টহলদারিতে কতটা পালোয়ান, তা প্রতিদিন রাজ্যবাসী নিউজে দেখতে পাচ্ছে। এদিকে কৈলাসহর সমরুরপার ৩নং ওয়ার্ড এলাকায় রাতের অন্ধকারে গবাদি পশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে বাংলাদেশি গরু চোরেরা আন্তর্জাতিক সীমানার তারকাটা বেড়া কেটে এলাকার এক ব্যক্তির গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায়।
গরুর মালিক জানান, প্রতিদিনের মতো তিনি রাতে গরুটি গোয়ালঘরে বেঁধে রাখেন। তবে শনিবার সকালে উঠে দেখেন গরুটি উধাও। খোঁজাখুঁজির পর দেখা যায়, সীমান্তের কাছে তারকাটা বেড়ার একটি অংশ কাটা অবস্থায় রয়েছে। এতে সন্দেহ হয়, চোরেরা বেড়া কেটে বাংলাদেশে গরুটি পার করেছে।
ঘটনার পর গরুর মালিক কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও গরু পাচারের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
