গোপাল সিং, খোয়াই, ০৯ নভেম্বর || খোয়াই জেলার চাম্পাহাওড় থানার অন্তর্গত আশারামবাড়ি এলাকায় মানব পাচারচক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই বড়সড় পাচারচক্রের ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে প্রশাসন। আশঙ্কা করা হচ্ছে, এই মানব পাচারচক্রের জাল ও চেইন খোয়াই শহর পর্যন্ত পৌঁছতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস খবর লেখা পর্যন্ত আশারামবাড়ী এলাকায় অবস্থান করছেন।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সকালে খোয়াই জেলার পুলিশ সুপার রানদিত্য দাসের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয় আশারামবাড়ি এলাকায়। অভিযানে চাম্পাহাওড় থানার পুলিশও অংশ নেয়। তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়। তার নাম শঙ্কু (ওরফে সুদীপ) দাস, পিতা- শ্যামল দাস, বাড়ি- আশারামবাড়ী, খোয়াই।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ব্যক্তির সঙ্গে আরও বড় একটি আন্তঃজেলা পাচারচক্র জড়িত থাকতে পারে। পুলিশ ধারণা করছে, এই চক্রের যোগাযোগ খোয়াই শহর পর্যন্ত বিস্তৃত। এসপি রানদিত্য দাস জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। পুরো চক্রটিকে ধরতে আমরা গোটা এলাকা তন্নতন্ন করে খুঁজে দেখছি। তদন্তের অগ্রগতি অনুযায়ী আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে।”
পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাচারচক্রের অন্যান্য সদস্যদের খোঁজে অভিযান জারি রয়েছে।
সূত্রের দাবি, খুব শিগগিরই আরও বড় মাছ ধরা পড়তে পারে। স্থানীয় মহলে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছেন সাধারণ মানুষ।
