গোপাল সিং, খোয়াই, ০৯ নভেম্বর || নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য অর্জন করল আগরতলা রেলওয়ে পুলিশের (জিআরপি) দল। শনিবার রাত সাড়ে আটটার দিকে আগরতলা রেলস্টেশনের প্রথম প্ল্যাটফর্ম থেকে এক যুবককে আটক করে তারা। ধৃতের নাম অভিজিৎ সিনহা (২৪), পিতা মৃত গান্ধী সিনহা, ঠিকানা রাজারগাঁও, পাথেরকান্দি থানাধীন, করিমগঞ্জ জেলা, আসাম।
জিআরপি সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ তল্লাশি চালিয়ে অভিজিৎ সিনহার কাছ থেকে দুটি ব্যাগ, একটি মোবাইল ফোন ও একটি আধার কার্ড উদ্ধার করে। ওই দুটি ব্যাগের ভিতর থেকে পাওয়া যায় মোট ২২.৫৮ কেজি শুকনো গাঁজা, যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা।
প্রাথমিক তদন্তে জানা যায়, আসাম থেকে আগত ওই যুবক অবৈধভাবে গাঁজা পাচারের উদ্দেশ্যে আগরতলা হয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলেই পুলিশ তাকে গ্রেফতার করে এবং সমস্ত গাঁজা ও সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে।
ঘটনায় আগরতলা জিআরপি থানায় NDPS আইন ১৯৮৫-এর ২০(বি)(ii)(সি)/২৯ ধারায় মামলা দায়ের হয়েছে (Agartala GRPS Case No-2025GRP107)। ধৃত ব্যক্তিকে আদালতে তোলার প্রস্তুতি চলছে এবং তার সঙ্গে জড়িত পাচারচক্রের অন্যান্য সদস্যদের খোঁজে অভিযান শুরু হয়েছে।
