গোপাল সিং, খোয়াই, ০৯ নভেম্বর || নেশা বিরোধী অভিযানে বিশাল সাফল্য অর্জন করল মেলাঘর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার পুলিশ, TSR ও STF বাহিনীর যৌথ উদ্যোগে তৈবান্দাল গামাইছড়া এলাকার বনদপ্তরের রাবার বাগানে অভিযান চালায়।
অভিযান চলাকালীন মাটির নিচে পোঁতা অবস্থায় উদ্ধার হয় একের পর এক বড় বড় ড্রাম ও প্যাকেটজাত শুকনো গাঁজা। উদ্ধারকৃত মাদক ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হলে তা ওজন করে দেখা যায়, মোট প্রায় ৭২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই গাঁজাগুলি দীর্ঘদিন ধরে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল চোরাকারবারের উদ্দেশ্যে। জেলার পুলিশ আধিকারিক বিজয় দেববর্মা জানিয়েছেন, নেশা সমাজ ও যুব প্রজন্মকে ধ্বংস করছে— তাই এই অভিযানের মূল উদ্দেশ্য মাদকচক্রের মূল শিকড় উচ্ছেদ করা। তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে নিরবচ্ছিন্নভাবে।
ঘটনার পর মেলাঘর থানার এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন পর নেশা বিরোধী লড়াইয়ে মেলাঘর থানার হাতে এটাই অন্যতম বড় সাফল্য বলে মনে করছেন প্রশাসনিক মহল।
