বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ নভেম্বর || সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার শান্তিরবাজার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে এক বিশেষ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে শান্তিরবাজার থানার পুলিশ। প্রতিনিয়ত নিষ্ঠার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনমুখী বিভিন্ন কর্মসূচি পালন করে আসা থানার এই উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দিবসটিকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সর্দার প্যাটেলের জীবন, কর্ম ও দেশ গঠনে তাঁর ভূমিকা নিয়ে এক লিখিত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল গোপাল চন্দ্র মল্লিক, শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত, এসআই সমীর বিশ্বাসসহ অন্যান্য অতিথিরা। তাঁরা সর্দার প্যাটেলের জীবনাদর্শ, দেশপ্রেম ও প্রশাসনিক দূরদর্শিতা নিয়ে বক্তব্য রাখেন।
পরিচালিত লিখিত পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের বিষয়ে সংবাদমাধ্যমকে ওসি রাজু দত্ত জানান, “ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও সঠিক মূল্যবোধ গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।”
শান্তিরবাজার থানার আয়োজিত এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যালয়জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে সফল ও প্রাণবন্ত।
