প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত, প্রকল্প বাস্তবায়নে জোর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর || আগরতলার গোর্খাবস্তিস্থিত প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে বুধবার অনুষ্ঠিত হল দপ্তরের রাজ্যভিত্তিক দ্বিতীয় পর্যালোচনা বৈঠক। এতে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব দীপাডি নায়ার, অধিকর্তা নীরজ কুমার চঞ্চলসহ জেলা স্তরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
সভায় ২০২৫-২৬ অর্থ বছরে দপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি ও দ্রুত বাস্তবায়ন নিয়ে দীর্ঘসময় ধরে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়। রাজ্যে দুধ ও ডিমের চাহিদা মেটাতে উৎপাদন বৃদ্ধির কৌশল, আধুনিক পশুপালন প্রযুক্তির প্রসার, এবং গ্রামীণ স্তরে স্বনির্ভরতা গড়ে তোলার নানা দিক নিয়েও গুরুত্ব সহকারে মতবিনিময় হয়।
মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যের প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করতে এবং কৃষক–পশুপালকদের আয়বৃদ্ধির লক্ষ্যে দপ্তর একাধিক নতুন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হলে রাজ্যের দুধ, ডিম ও অন্যান্য পশুপণ্য উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিনের বৈঠকে জেলা আধিকারিকদের থেকে বিভাগীয় কাজের অগ্রগতি প্রতিবেদন গ্রহণ করা হয় এবং মাঠপর্যায়ে কার্যকরী তদারকির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দপ্তরের সচিব দীপাডি নায়ার ও অধিকর্তা নীরজ কুমার চঞ্চলও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সামগ্রিকভাবে, বৈঠককে রাজ্যের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও গতিশীলতা আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*