“ইউনিটি প্রমো ফেস্ট–২০২৫”-এর মহাসমাপনী: জুবিন নটিয়াল কনসার্টকে কেন্দ্র করে প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সাংবাদিক সম্মেলন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর || আগামী ১২ই ডিসেম্বর রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে “ইউনিটি প্রমো ফেস্ট–২০২৫”-এর মহাসমাপনী অনুষ্ঠান। এই উপলক্ষে বুধবার বিকেলে আগরতলার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, মহাসমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল, যার মিউজিক্যাল কনসার্ট ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সেক্রেটারি, অধিকর্তা, আইজি (ল’ অ্যান্ড অর্ডার), পুলিশ ও ট্রাফিক দপ্তরের শীর্ষ আধিকারিকরা। নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, দর্শক প্রবেশ ও অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে সমন্বয় করে কাজ চলছে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী আরও জানান, অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী, যা গোটা অনুষ্ঠানে আরও আকর্ষণ যোগ করবে বলে আশা করা হচ্ছে।
পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মহাসমাপনী অনুষ্ঠানে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা নিয়ে প্রস্তুতি নিচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*