গোপাল সিং, খোয়াই, ১১ ডিসেম্বর || ২২শে সেপ্টেম্বর ২০২৫ থেকে ওষুধের উপর নতুন জিএসটি ছাড় লাগু হলেও খোয়াইতে ভিন্ন চিত্র ফুটে উঠলো আজ। যেখানে ২২শে সেপ্টেম্বর ২০২৫ তারিখের আগের ওষুধে ৬.২৫ শতাংশ ছাড় এবং জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে শূন্য শতাংশ পর্যন্ত জিএসটি ছাড় পাবার কথা জনগণের, সেখানে নয়া জিএসটি ছাড়ের বিষয়ে চুপ থেকে জনগণের পকেট কাটছে সাধারণ ওষুধ ব্যবসায়ীরা। এমনটাই অভিযোগ উঠে এলো আজ খোয়াইতে স্বাস্থ্য দপ্তরের যৌথ ইন্সপেকশনে।
ত্রিপুরা ড্রাগস কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন, খোয়াই ড্রাগস কন্ট্রোল অফিস এবং ত্রিপুরা ফার্মাসিউটিক্যাল প্রাইসিং মনিটরিং ইউনিটের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার খোয়াই শহরে একাধিক ওষুধের দোকানে অভিযান চালানো হয়। অভিযানের কেন্দ্রবিন্দুতে ফের উঠে এল খোয়াইয়ের পরিচিত ওষুধের দোকান ‘ওম মেডিক্যাল হল’। এছাড়া আরও কিছু ওষুধের দোকানেও গরমিল মিললেও, ড্রাগস কন্ট্রোল দপ্তর মিডিয়ার সামনে এবিষয়ে মুখ খুলেনি। কিন্তু মিডিয়ার নজর এড়াতে পারেনি বিষয়গুলি।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর খোয়াইতে আনুষ্ঠানিকভাবে ওষুধের উপর ‘বারকোড’ ব্যবস্থা চালু করে। ডেপুটি ড্রাগস কন্ট্রোলার সুব্রত দাসের নেতৃত্বে টিম বিভিন্ন দোকান পরিদর্শন করে বারকোড স্টিকার সংযোজনের প্রক্রিয়া নিশ্চিত করেন। তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী জিএসটি ছাড়ের নতুন নিয়ম কার্যকর হয়েছে। বহু ওষুধে জিএসটি ছাড় রয়েছে ১২ শতাংশ থেকে ৫ শতাংশ, এমনকি কিছু জীবনদায়ী ওষুধে শূন্য শতাংশ পর্যন্ত জিএসটি ছাড় রয়েছে। কিন্তু কেন্দ্রীয় নির্দেশিকা জারির পূর্বে মজুত ওষুধে রয়েছে ৬.২৫ শতাংশ ছাড়।
কিন্তু অভিযোগ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা জারি হবার তিন মাস পার হলেও খোয়াইয়ের বেশিরভাগ ওষুধের দোকান এখনো গ্রাহকদের সেই ছাড় দিচ্ছে না। পুরনো দামেই বিক্রি হচ্ছে ওষুধ, ফলে সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত টাকা কেটে যাচ্ছে দীর্ঘদিন ধরেই। ডেপুটি ড্রাগ কন্ট্রোলারের নেতৃত্বে বৃহস্পতিবারের যৌথ অভিযানে উঠে আসে এই অনিয়মের একাধিক প্রমাণ। বিশেষ করে ‘ওম মেডিক্যাল হল’ এর মতো কিছু ওষুধের দোকানে নানা ত্রুটি ধরা পড়েছে বলে খবর। বেশ কয়েকটি ওষুধে গায়ে লেখা এমআরপি’র বাইরে বাড়তি দামে বিক্রি, ক্রেতাদের মেমো না দেওয়া, জিএসটি ছাড় না দেওয়া ইত্যাদি অভিযোগ রয়েছে।
এদিকে অভিযানে সোজাসুজি বার্তা দেন ডেপুটি ড্রাগস কন্ট্রোলার সুব্রত দাস। তিনি জানান, “সরকারি নির্দেশিকা অনুযায়ী ২২ সেপ্টেম্বরের আগের স্টক হলেও গ্রাহকরা নতুন দামের সুবিধা পাবেন। কোনো ওষুধ ব্যবসায়ীরই মূল্য লুকোনোর সুযোগ নেই।”
তিনি আরো গুরুত্বপূর্ণ এক সতর্কবার্তাও দেন—তিন বছরের নীচে শিশুদের কফ সিরাপ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মধ্যপ্রদেশে সাম্প্রতিক শিশুমৃত্যুর ঘটনার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশজুড়ে কঠোর নজরদারি শুরু করেছে। তাই অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিনের স্বাস্থ্য দপ্তরের অভিযানে ছিলেন ডেপুটি ড্রাগ কনট্রোলার সুব্রত দাস, টিপিএমআরই প্রোজেক্ট কোর্ডিনেটর, দিবাকর পাল, ইন্সপেক্টর ইন ড্রাগস অভিজিৎ দাস, খোয়াই ড্রাগস ইন্সপেক্টর সুধাং মগ প্রমুখ।
অভিযানকে ঘিরে খোয়াই জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের অনিয়মের পর প্রশাসনের সক্রিয় তদারকি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে হলেও, স্থানীয়দের অভিযোগ—দীর্ঘ তিন মাসে যে পরিমাণ অতিরিক্ত দাম নিয়েছে অনেক ওষুধের দোকান, তার হিসাব কে দেবে? এদিকে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ত্রিপুরা ড্রাগস কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন।
