বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫–৬টি বসতঘর ও একটি রেশন দোকান, অগ্নিনির্বাপক দপ্তরের বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ স্থানীয়দের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুড়ীপুর বাজারে বুধবার গভীর রাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ৫ থেকে ৬টি বসতঘর ও একটি রেশন দোকান। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের ওই রেশন দোকান থেকেই আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে খবর দেন জোলাইবাড়ী অগ্নিনির্বাপক দপ্তরে। তবে অভিযোগ, দপ্তরের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হন। স্থানীয়দের দাবি—সময়ে দমকল পৌঁছালে শুধুমাত্র রেশন দোকানটি পুড়ত, আশপাশের বাড়িগুলো রক্ষা পেতো। তাঁদের আরও অভিযোগ, জোলাইবাড়ী দমকল কেন্দ্রের গাড়িতে পর্যাপ্ত পানি ছিল না, জেনারেটরেও ছিল না যথেষ্ট তেল। ফলে আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হয়।
এছাড়া স্থানীয়দের অভিযোগ, দমকল কর্মীরা ঘটনাস্থলে মদ্যপ অবস্থায় উপস্থিত ছিলেন এবং দায়িত্ব পালনে গাফিলতি করেন। এমনকি আগুন নেভানোর কাজে হাত লাগানো স্থানীয়দের সঙ্গে অশালীন আচরণও করেন বলে অভিযোগ ওঠে।
জোলাইবাড়ীর দমকল বাহিনী অক্ষম প্রমাণিত হওয়ায় পরে ঋষ্যমুখ বিলোনিয়া, সাব্রুম ও শান্তির বাজার অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের সঙ্গে যোগ দেন নবম বাহিনীর টিএসআর জওয়ানরাও। সকলের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*