গোপাল সিং, খোয়াই, ১৮ ফেব্রুয়ারী || বুধবার খোয়াই জেলা জেলা আইসিএ দপ্তর খোয়াই–এ এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইসিএ–র জেলা ডাইরেক্টর দিলীপ কুমার দেববর্মা সাংবাদিকদের জানান, এদিন মূলত নবনিযুক্ত তথ্য ও সংস্কৃতি আধিকারিক রূপক আচার্য–এর সঙ্গে কর্মরত সাংবাদিকদের পরিচয় পর্ব সম্পন্ন করা হয়। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় জেলার দুই প্রয়াত সাংবাদিক পরিবারের জন্য ফ্যামিলি পেনশন চালুর বিষয়টি। খোয়াইয়ের প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্য–এর স্ত্রী সঙ্গিতা ভট্টাচার্য এবং তেলিয়ামুড়া মহকুমার প্রয়াত সাংবাদিক জীবন চক্রবর্তী–এর স্ত্রী প্রনিতা চক্রবর্তী মাসিক ৫ হাজার টাকা করে ফ্যামিলি পেনশন পাবেন বলে জানানো হয়। রাজ্য সরকারের এই উদ্যোগকে কর্মরত সাংবাদিকরা সাধুবাদ জানিয়েছেন।
আইসিএ ডাইরেক্টর আরও জানান, কর্মরত সাংবাদিকদের জন্যও সরকারি স্তরে কিছু সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের নিজ নিজ মিডিয়া হাউসে লিখিত আবেদন জানানোর পাশাপাশি আইসিএ দপ্তরেও আবেদন জমা দেওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে প্রয়াত সাংবাদিক পরিবারের জন্য ফ্যামিলি পেনশন চালু করতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া–এর সদস্য প্রণব সরকার–এর ভূমিকার প্রশংসা করেন বরিষ্ঠ সাংবাদিক গোপাল সিং। সাংবাদিক মহলে এই উদ্যোগকে মানবিক ও ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
