পুলিশের পৃথক অভিযানে বিলেতি মদ ও চোলাই মদ সহ তিন ব্যক্তি গ্রেপ্তার

গোপাল সিং, খোয়াই, ১৯ ফেব্রুয়ারী || বৃহস্পতিবার খোয়াই থানার পুলিশ ও জেলা ‘স্পেশাল সিভিল টিম’ যৌথভাবে পৃথক দুটি অ্যান্টি-লিকার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করে এবং তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পহরমুড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় রতনপুর এলাকার বাসিন্দা সুশীল দেববর্মা (৬৫), পিতা প্রয়াত ললিত দেববর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মদ বহন করছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে আবগারি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে পুলিশ রিপোর্ট (PR) আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
অন্যদিকে, একই দিনে আরেকটি অভিযানে খোয়াইয়ের আমতলি এলাকা থেকে প্রায় ২০ লিটার দেশি (চোলাই) মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় আমতলি এলাকার মঙ্গল সবর, পিতা ললিত সবর এবং সিপাইহাওড় এলাকার সুবোধ তাঁতী (৪৫), পিতা মৃত যোগেন্দ্র তাঁতী গ্রেপ্তার করা হয়েছে। দুজনেই অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মদ বহন করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, এলাকায় অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*