যুদ্ধের আশঙ্কায় তেল পাম্পে উপচে পড়া ভিড়, প্রশাসনের দাবি—সংকট নেই

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ || সোমবার রাত থেকেই রাজধানীর একাধিক পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন প্রান্তে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাইক ও গাড়িচালকদের। হঠাৎ এই ভিড় ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে।
তবে আগরতলার একটি পেট্রোল পাম্পের প্রতিনিধি স্পষ্টভাবে জানিয়েছেন, রাজ্যে পেট্রোল বা ডিজেলের কোনও সংকট নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।
অন্যদিকে লাইনে দাঁড়িয়ে থাকা বহু গাড়িচালকের বক্তব্য, আন্তর্জাতিক পর্যায়ে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব ভবিষ্যতে জ্বালানি সরবরাহে পড়তে পারে—এই আশঙ্কাতেই তারা আগাম সতর্কতা হিসেবে ট্যাঙ্ক ভরে নিচ্ছেন। কেউ কেউ বলেন, “হঠাৎ করে যদি সরবরাহে সমস্যা দেখা দেয়, তখন সমস্যায় পড়তে হবে। তাই আগে থেকেই প্রস্তুতি।”
যদিও প্রশাসন ও পাম্প কর্তৃপক্ষের তরফে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে—রাজ্যে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং অযথা আতঙ্ক ছড়ানোর কোনও কারণ নেই। তবুও গুজব ও আশঙ্কার জেরে শহরের বিভিন্ন পাম্পে ভিড় অব্যাহত রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*