বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ মার্চ || দক্ষিণ ত্রিপুরা জেলার পতিছড়ী ড্রপগেইট এলাকায় জাতীয় সড়কের ধারে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, বুধবার গভীর রাতে শান্তিরবাজার দমকল বাহিনীর কাছে খবর আসে যে পতিছড়ী ড্রপগেইট সংলগ্ন জাতীয় সড়কে এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয়দের মধ্যে ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
