ধলাই জেলাভিত্তিক ‘জল উৎসব’ ও ‘জল অর্পণ দিবস’ পালিত

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৩ মার্চ || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পিএমশ্রী কবিগুরু আরএসবিভি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার জেলাভিত্তিক ‘জল উৎসব’ ও ‘জল অর্পণ দিবস’ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। পানীয় জল ও স্বচ্ছতা (DWS) দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে ডিপ টিউবওয়েল (DTW) স্কিমগুলো আনুষ্ঠানিকভাবে শর্মা ভিলেজ কাউন্সিল (VC)-এর কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি সরমা ভিসির পালপাড়া এলাকায় একটি ডিটিডব্লিউ জলের পাম্প স্টেশনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৪৪ রাইমা ভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “জল মানে জীবন। সরকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করেছে, তাই সকলকে জল সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং অপচয় থেকে বিরত থাকতে হবে।” তিনি আরও বলেন, যেসব জল প্রকল্পের কাজ চলছে এবং যেগুলো সম্পন্ন হয়েছে সেগুলো দ্রুত চালু করার পাশাপাশি পাহাড়ি এলাকায় যেখানে জলের সমস্যা রয়েছে সেখানে প্রয়োজন অনুযায়ী জলের ট্যাঙ্কার পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে উদ্যোগী হতে হবে।
এদিন ডিডব্লিউএস সার্কেল আমবাসার সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার এর. জীবন দেববর্মা জানান, বর্তমানে জেলার প্রায় ৮৪ শতাংশ মানুষের ঘরে সফলভাবে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এবং শীঘ্রই তা ১০০ শতাংশে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দপ্তর কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুম্বুরনগর আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা ও ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক (ADM), মহকুমার ডিডব্লিউএস দপ্তরের এসডিও সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী অতীশ দাস।
জল জীবন মিশনের অধীনে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সরকারি জল প্রকল্পের সুফল সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও বিপুল সংখ্যক গ্রামবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*