আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ || ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক মহা যোগদান সভার আয়োজন করা হয়। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ১,৩৩৬টি পরিবারের মোট ৩,১৮৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সান্তনা চাকমা সহ দলের অন্যান্য নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিরোধীদের কড়া সমালোচনা করে বলেন, যিনি নিজেই নিজের সম্প্রদায়ের ভাষায় কথা বলতে জানেন না, তিনি কিভাবে সেই সম্প্রদায়ের নেতা বলে দাবি করেন। তিনি আরও বলেন, সম্প্রদায়ের নাম ব্যবহার করে সহজ-সরল জনজাতি ভাই-বোনদের সংঘাতে জড়ানোর জন্য নিয়মিত উস্কানি দেওয়া হচ্ছে, যা সুস্থ রাজনীতির লক্ষণ নয়।
তিনি বলেন, কেউ কেউ রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু মুখ্যমন্ত্রী না হয়েও যেভাবে এডিসিতে অরাজকতা ও দুর্নীতির পরিবেশ তৈরি করা হয়েছে, মুখ্যমন্ত্রী হলে পরিস্থিতি কী হতে পারে তা জনগণ বুঝতে পারছেন।
মুখ্যমন্ত্রী দাবি করেন, এই কারণেই জনজাতি ভাই-বোনেরা বিজেপি’র উপরেই আস্থা রাখছেন এবং হাজার হাজার মানুষ বিজেপি’র পতাকাতলে সামিল হচ্ছেন। রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত মহা যোগদান সভা তারই প্রতিফলন।
সভা শেষে ১,৩৩৬ পরিবারের ৩,১৮৯ জন ভোটারকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। দলীয় নেতৃত্বের মতে, এই বিপুল যোগদান রাজ্যে বিজেপির প্রতি বাড়তে থাকা জনসমর্থনেরই প্রমাণ।
