২৪টি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের সূচনা, স্বাস্থ্য পরিষেবায় বড় পদক্ষেপ: মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ || রাজ্যে স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটাতে বদ্ধপরিকর বর্তমান রাজ্য সরকার। সাধারণ মানুষের কাছে সহজ, উন্নত এবং দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে একাধিক নতুন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। রবিবার আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জী লেনের এইচসিএম বাংলো প্রাঙ্গণে ২৪টি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করে এ কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হল। এতদিন লাইফ সাপোর্ট সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সের অভাবে ট্রমা রোগীদের চিকিৎসায় নানা সমস্যার সম্মুখীন হতে হত। নতুন এই পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, চালু হওয়া ২৪টি অ্যাম্বুলেন্সের মধ্যে ২০টি ট্রমা সেন্টারের পরিষেবার জন্য নিয়োজিত থাকবে। বাকি ৪টি অ্যাম্বুলেন্স মা ও শিশুদের জরুরি চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে ১০২ হেল্পলাইনের সঙ্গে যুক্ত থাকবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রায় ৫ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই ২৪টি অত্যাধুনিক বেসিক লাইফ সাপোর্ট (BLS) ও অ্যাডভান্সড লাইফ সাপোর্ট (ALS) সুবিধা সমৃদ্ধ অ্যাম্বুলেন্স ক্রয় করেছে। এর ফলে রাজ্যে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, সময়মতো ট্রমা চিকিৎসা এবং রোগী পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।
বিশেষ করে সড়ক দুর্ঘটনা সহ অন্যান্য জরুরি চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতিতে এই আধুনিক অ্যাম্বুলেন্সগুলো জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর ও গতিশীল করে তুলবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার প্রতিটি নাগরিকের জন্য আরও শক্তিশালী, সহজলভ্য এবং দ্রুত প্রতিক্রিয়াশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী দিনেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*