আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ || ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার এই ঘোষণা করেন।
তিনি জানান, ২৮টি আসনের জন্য আগামীকাল, ১৮ই মার্চ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। ওই দিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৫শে মার্চ।
মনোনয়নপত্র যাচাই করা হবে ২৬শে মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৮শে মার্চ।
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৩ই এপ্রিল। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে, ভোট গণনা হবে ১৭ই এপ্রিল সকাল ৮টা থেকে বলে জানানো হয়েছে।
এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা বাড়তে শুরু করেছে এবং বিভিন্ন দল নিজেদের প্রস্তুতি জোরদার করছে।
