১০০ কোটি টাকার সড়কে দুর্নীতির অভিযোগ, জেলাশাসকের নির্দেশে ভাঙা হল নিম্নমানের ড্রেন স্ল্যাব

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৭ মার্চ || গন্ডাছড়া–গঙ্গানগর সড়কের নির্মাণকাজে ব্যাপক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। মঙ্গলবার জেলাশাসকের সরাসরি হস্তক্ষেপে নিম্নমানের কাজের অভিযোগে নির্মিত কভার ড্রেনের স্ল্যাব ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলছে। কিন্তু শুরু থেকেই কাজের মান নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ছিল। অভিযোগ, নির্ধারিত মানদণ্ড উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কভার ড্রেন নির্মাণ করা হয়েছে।
বিষয়টি জেলাশাসকের নজরে আসার পর তিনি সরেজমিনে পরিদর্শনে যান। তদন্তে নির্মাণকাজে একাধিক গুরুতর ত্রুটি ধরা পড়ে। এরপরই তিনি সংশ্লিষ্ট অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রশ্ন উঠছে, এত বিপুল অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কীভাবে এই ধরনের নিম্নমানের কাজ হল? সংশ্লিষ্ট ঠিকাদার এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গন্ডাছড়া এলাকার জনজাতি অধ্যুষিত বহু গ্রামের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম এই সড়ক। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাঁদের প্রশ্ন, এত বড় অঙ্কের অর্থ বরাদ্দের পরেও যদি নিম্নমানের কাজ হয়, তবে সেই অর্থের বড় অংশ কোথায় গেল?
যদিও জেলাশাসকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী, তাঁদের দাবি—শুধু স্ল্যাব ভেঙে ফেলা নয়, দুর্নীতিতে জড়িত ঠিকাদার ও দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং নতুন করে মানসম্মত কাজ নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে পিডব্লিউডি এনএইচ দপ্তর বা সংশ্লিষ্ট ঠিকাদারের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*