আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ || লংতরাই উপত্যকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগকে সামনে রেখে ছৈলেংটা মহকুমা হাসপাতালে অত্যাবশ্যকীয় বিশেষজ্ঞ পরিষেবার অভাবের বিষয়টি পুনরায় উত্থাপন করল তিপ্রা মাথা পার্টির অঙ্গ সংগঠন তিপ্রা সিটিজেনস ফেডারেশন।
সংগঠনের ধলাই জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল হাসপাতালের সাব-ডিভিশনাল অফিসারের নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে বিশেষভাবে শিশু বিশেষজ্ঞ (পেডিয়াট্রিশিয়ান) এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট) চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ছৈলেংটা মহকুমা হাসপাতালে দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির অভাব থাকায় লংতরাই উপত্যকার সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। জরুরি চিকিৎসা পরিষেবা পেতে অনেক ক্ষেত্রেই রোগীদের দূরবর্তী স্থানে যেতে বাধ্য হতে হচ্ছে, যা সময়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ।
এদিনের ডিপোটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪৮-করমছড়া ব্লকের তিপ্রা সিটিজেনস ফেডারেশনের ব্লক প্রেসিডেন্ট সুমন্ত দে, ধলাই জেলা কমিটির জেনারেল সেক্রেটারি রাজীব সরকার, ৪৯-ছাওমনু ব্লক কমিটির সদস্য রাহুল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা।
সংগঠনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে হাসপাতালে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়েছে।
