গোপাল সিং, খোয়াই, ০৭ এপ্রিল || খোয়াই মহকুমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাতের অন্ধকারে একের পর এক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই শহরের বিভিন্ন বিদ্যালয়ে তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান সরকারি সম্পত্তি লুঠের ঘটনায় বর্তমানে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকমহল গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতির প্রতিবাদে এবং বিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ ময়দানে নামল ভারতের ছাত্র ফেডারেশন (SFI)।
মঙ্গলবার সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে মহকুমার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন প্রতিনিধি দলটি গণকি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ডিরোজিও মিশন স্কুল এবং শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের নিকট দাবি সনদ তুলে দেন।
স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে মূলত তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে: অবিলম্বে চুরির ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা, বিদ্যালয়ে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা হিসেবে নাইট গার্ড নিয়োগ এবং সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন করা এবং বিদ্যালয়ের সম্পত্তি ও শিক্ষার পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষকে পূর্ণ দায়ভার গ্রহণ করা।
এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যা সায়ন্তিকা দেব এবং বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সৌরভ শীল। এছাড়াও উপস্থিত ছিলেন সৌম্য শুভ্র বণিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
