তেলিয়ামুড়ায় জোরপূর্বক বিয়ে: নারী-পুরুষকে আটক করে রাতেই বিবাহ, চাঞ্চল্য এলাকাজুড়ে

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ এপ্রিল || তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায় সোমবার গভীর রাতে এক নারী ও পুরুষকে আটক করে জোরপূর্বক বিয়ে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিটিলা এলাকার বাসিন্দা শ্যামল সরকারের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন তুইসিন্দ্রাই এলাকার এক মহিলা। প্রায় একমাস আগে মহিলার স্বামীর মৃত্যু হয়। অভিযোগ, এরপর থেকেই ওই মহিলা একই এলাকার বাসিন্দা রোমেন মালাকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন।
সোমবার রাত আনুমানিক ১০টা নাগাদ রোমেন মালাকার ওই মহিলার বাড়িতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এরপর কয়েকজন স্থানীয় ব্যক্তি বাড়ির সামনে গিয়ে দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকেন। দরজা খোলার পর দু’জনকে একই ঘরে দেখতে পেয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
অভিযোগ, এরপর স্থানীয়রা দু’জনকে আটক করে এবং জোরপূর্বক তাদের বিয়ে সম্পন্ন করে। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও পুলিশি বক্তব্য এখনও সামনে আসেনি।
ঘটনার খবর পেয়ে রোমেন মালাকারের মা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পাশাপাশি জানা গেছে, সংশ্লিষ্ট নারী ও পুরুষের মধ্যে দূর সম্পর্কের আত্মীয়তার বিষয়টিও সামনে এসেছে।
এই ঘটনায় সামাজিক ও আইনি দিক নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*