পুলিশের অভিযানে ধরা পড়ল খুচরা ড্রাগস বিক্রেতা: ১৩৮টি কৌটা সহ আটক ১

গোপাল সিং, খোয়াই, ০৮ এপ্রিল || খোয়াই মহকুমায় ড্রাগস ও মরণ নেশার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নেশার মূল পান্ডারা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকলেও, এবার পুলিশের সিভিল টিমের জালে ধরা পড়ল এক খুচরা ড্রাগস বিক্রেতা। বুধবার বিকেলে খোয়াই থানাধীন দুর্গানগর এলাকা থেকে দেবব্রত শীল নামে এক যুবককে ড্রাগস বিক্রিরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল আনুমানিক ৫টা নাগাদ খোয়াই থানার একটি সিভিল টিম দুর্গানগর এলাকায় ওত পেতে থাকে। এসময় ড্রাগস বিক্রি করার সময় দেবব্রত শীলকে (পিতা- বাবুল শীল) আটক করা হয়। খবর পেয়ে খোয়াই থানার এসআই বিশু কুমার দেববর্মার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশিতে অভিযুক্তের হেফাজত থেকে ১৩৮টি ড্রাগস ভর্তি কৌটা উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ খালি কৌটা এবং মাদক সেবনে ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফয়েল।
খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানিয়েছেন, নেশা সামগ্রী কেনাবেচার সুনির্দিষ্ট অভিযোগে দেবব্রত শীলকে আটক করা হয়েছে। এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।
খুচরা বিক্রেতা গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী পুলিশকে ধন্যবাদ জানালেও, মূল হোতাদের নিয়ে উদ্বেগ কাটছে না। স্থানীয়দের অভিযোগ, পুলিশের ধরপাকড়ে চুনোপুঁটিরা ধরা পড়লেও ড্রাগস সাম্রাজ্যের নেপথ্যে থাকা রাঘববোয়ালরা লোকচক্ষুর আড়ালেই থেকে যাচ্ছে। ফলে মহকুমায় মরণ নেশার কারবার পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে নির্বাচনের এই ব্যস্ত সময়েও পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*