আপডেট প্রতিনিধি, সাব্রুম, ১৭ এপ্রিল || ২৭-পূর্ব মুহুরীপুর-ভূরাতলী নির্বাচনী কেন্দ্রের লড়াইয়ে উল্লেখযোগ্য ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করল তিপ্রামথা। দলীয় প্রার্থী দেবজিৎ ত্রিপুরা বিপুল ৬,৭৯১ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দেবজিৎ ত্রিপুরা মোট ১৬,৭৮১টি ভোট অর্জন করেন। অপরদিকে, বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরা পান ৯,৯৯০টি ভোট। ভোট গণনার শুরু থেকেই দেবজিৎ ত্রিপুরা এগিয়ে থাকায় শেষ পর্যন্ত তাঁর জয় নিশ্চিত হয়ে যায়।
ফলাফল ঘোষণার পরপরই তিপ্রামথা কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। দলীয় পতাকা হাতে মিছিল, আবির খেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সমর্থকরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে জয় উদযাপন করেন।
জয়ী প্রার্থী দেবজিৎ ত্রিপুরা প্রতিক্রিয়ায় জানান, “এই জয় সাধারণ মানুষের জয়। এলাকার উন্নয়নের প্রতি মানুষের যে আস্থা, তারই প্রতিফলন এই ফলাফল।”
