আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ২২ এপ্রিল || শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের পতিছড়ি মুসলিম পাড়ায় রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, রাত প্রায় ২টা নাগাদ দুর্বৃত্তরা দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মুদি সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর সকালে এলাকায় পৌঁছান ৩৬ শান্তিরবাজার মণ্ডলের মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিকসহ স্থানীয় নেতৃত্ব। তারা ক্ষতিগ্রস্তের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজখবর নেন।
এদিকে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দুষ্কৃতীদের পরিচয় বা উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিক প্রশাসন।
