আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ২২ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী এলাকায় বুধবার একদিনেই পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার বিকেলে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে জাতীয় সড়কে। জানা যায়, মুহুরীপুর শঙ্গরপুর এলাকার বাসিন্দা ভূষন দাস (৬০) কাজ সেরে কাকুলিয়া এলাকা থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় শান্তির বাজার থেকে সাব্রুমগামী একটি বোলেরো গাড়ি (নং TR 08 E 0683) তাকে সজোরে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনায় বাইখোড়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
অপরদিকে, একই দিনে সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ জোলাইবাড়ীর সাগরডেপা এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। একটি নতুন বাইক থেকে ছিটকে পড়ে ললিতা ত্রিপুরা (৪২) নামে এক মহিলা ঘটনাস্থলেই প্রাণ হারান। চিকিৎসকদের মতে, দুই ক্ষেত্রেই মাথায় গুরুতর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে।
ললিতা ত্রিপুরার মৃতদেহও ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
একই দিনে দুই পৃথক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় জোলাইবাড়ী সহ আশপাশের এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, জাতীয় সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
