গোপাল সিং, খোয়াই, ২৩ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার তুলাবাড়ি এলাকায় গভীর রাতে দুষ্কৃতীদের হামলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মার ঘনিষ্ঠ সহযোগী তথা ১২-রামচন্দ্রঘাট টিটিএএডিসি কেন্দ্রের প্রাক্তন এমডিসি সোহেল দেববর্মার গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, বুধবার গভীর রাতে বাইজালবাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎই দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালায়। আকস্মিক এই হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং চালক গুরুতরভাবে আহত হন। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিরাপদে সোহেল দেববর্মাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আহত চালককে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
