বলরাম দেবনাথ, সাব্রুম, ২২ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার আন্তর্জাতিক সীমান্তবর্তী পোয়াংবাড়ি আর ডি ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন করে টানা বিদ্যুৎ লাইনের কারণে চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বিলোনিয়া থেকে শ্রীনগর পর্যন্ত নির্মিত নতুন এসটি বিদ্যুৎ লাইনের তার এতটাই নিচু দিয়ে টানা হয়েছে যে তা এখন বাগিচা চাষীদের হাতের নাগালে চলে এসেছে।
স্থানীয়দের মতে, বিদ্যুৎ লাইন বসানোর আগে যথাযথ সার্ভে না করায় এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাবার বাগান এলাকায় কাজ করা শ্রমিক ও মালিকদের জন্য এই ঝুঁকি আরও বেশি, কারণ যেকোনো সময় অসাবধানতাবশত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
রাজনগরের এক রাবার বাগান মালিক অভিযোগ করে জানান, বিদ্যুৎ লাইন টানার সময় বিষয়টি সংশ্লিষ্ট এজেন্সিকে জানানো হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি। উল্টে লাইনের কাজ করতে গিয়ে বাগানের একাধিক গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু তার কোনো ক্ষতিপূরণ এখনও দেওয়া হয়নি।
এলাকাবাসীর আশঙ্কা, নতুন লাইনে বিদ্যুৎ সংযোগ চালু হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। দ্রুত এই সমস্যার সমাধান এবং বিদ্যুৎ তার নিরাপদ উচ্চতায় স্থানান্তরের দাবি জানিয়েছেন তারা।
প্রশাসনের হস্তক্ষেপের দাবি:
গ্রামবাসীদের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে অবিলম্বে প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাগান মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জোরালো হচ্ছে এলাকায়।
