গোপাল সিং, খোয়াই, ২৩ এপ্রিল || সর্বভারতীয় কংগ্রেস কমিটির (AICC) উদ্যোগে ত্রিপুরা রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘সংগঠন সৃজন অভিযান’। প্রদেশ কংগ্রেসের নয়টি সাংগঠনিক কমিটিকে ঢেলে সাজাতে এবং তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করতে কেন্দ্রীয়ভাবে ৯ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের রণকৌশল নির্ধারণ করতে আজ এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ থেকে আগত এআইসিসি-র বিশেষ পর্যবেক্ষক রাহুল বল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী সাত দিন তিনি তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের প্রতিটি ব্লক এবং জেলা স্তরের ইউনিটে সশরীরে যাবেন। সংগঠনের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা এবং কর্মীদের মনোবল চাঙ্গা করাই তাঁর এই সফরের মূল উদ্দেশ্য। রাহুল বাবু আরও জানান, কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, প্রয়োজনে স্থানীয় বিভিন্ন এনজিও, ক্লাব এবং সামাজিক সংগঠনগুলোর সাথেও তিনি মতবিনিময় করবেন।
সাত দিনের এই নিবিড় কর্মসূচি শেষে তেলিয়ামুড়া জেলায় সংগঠনের শক্তি বৃদ্ধি করতে আর কী কী পদক্ষেপ প্রয়োজন, তার একটি বিস্তারিত রিপোর্ট তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নিকট পেশ করবেন। আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে পর্যবেক্ষক রাহুল বল ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক কার্তিক দেবনাথ, ব্লক কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস এবং বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব তথা আইনজীবী ননীগোপাল দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষিতীশ ভৌমিক, অশোক কুমার বৈদ্য ও আদিবাসী কংগ্রেসের নেতা বিশ্ব দেববর্মা সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা। টিটিএএডিসি নির্বাচনের পর রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেসের এই ‘সংগঠন সৃজন অভিযান’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। মূলত আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘর গোছাতে চাইছে হাত শিবির। এই অভিযানকে ঘিরে তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে।
