গোপাল সিং, খোয়াই, ২৪ এপ্রিল || একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে প্রিয়জনের কারাবাস—এমনই এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন খোয়াইয়ের বেশ কিছু পরিবার। এই দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা ও নবনির্বাচিত এমডিসি জেমস দেববর্মা। বৃহস্পতিবার তাঁরা ক্ষতিগ্রস্ত ও শোকাতুর পরিবারগুলির বাড়ি পরিদর্শনে যান এবং তাঁদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেন।
এদিন বিধায়ক ও এমডিসি প্রথমেই প্রয়াত রঞ্জিত দেববর্মার বাড়িতে যান। কয়েক দিন আগে তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বিধায়ক ও এমডিসি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে মানসিক শক্তি সঞ্চয়ের আহ্বান জানান।
এরপর তাঁরা খনিরঞ্জন দেববর্মার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। উল্লেখ্য, নির্বাচন পরবর্তী অশান্তির আবহে খনিরঞ্জন দেববর্মাকে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের দাবি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে তাঁকে আটক করা হয়েছে এবং এখনও পর্যন্ত তিনি জামিন পাননি। বিধায়ক রঞ্জিত দেববর্মা ও এমডিসি জেমস দেববর্মা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, আইনের লড়াইয়ে তাঁরা খনিরঞ্জনের পরিবারের সাথে রয়েছেন।
পরিদর্শন শেষে নেতৃদ্বয় জানান, বিপদের দিনে নিজ এলাকার মানুষের পাশে থাকা কেবল দায়িত্ব নয়, এটি নৈতিক কর্তব্য। ঐক্যবদ্ধভাবে এবং সহমর্মিতার মাধ্যমে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাঁরা সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিপ্রামথা পার্টির পক্ষ থেকে এই ধরণের সামাজিক ও মানবিক উদ্যোগ আক্রান্ত পরিবারগুলোর মনে নতুন করে আশার আলো সঞ্চার করেছে।
