আপডেট প্রতিনিধি, কলকাতা, ০৮ মে || কলকাতায় পৌঁছেই রাজনৈতিক ব্যস্ততার আগে আধ্যাত্মিক পর্ব সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেলা ১১টার কিছু পরে তাঁর বিমান নামতেই কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও সমিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।
বিমানবন্দর থেকে সরাসরি দক্ষিণেশ্বর কালি বাড়িতে যান অমিত শাহ। সেখানে বিশেষ পুজো ও প্রার্থনা সেরে তিনি নিউ টাউনের একটি হোটেলে পৌঁছন। রাজনৈতিক মহলের নজর এখন বিকেলের গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলীয় জয়ী বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকেই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এই বৈঠক শুধু সরকার গঠন নয়, আগামী দিনের সাংগঠনিক রূপরেখা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। বিজেপি শিবিরে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে, আর সন্ধ্যার মধ্যেই বাংলার নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
