আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || শুক্রবার রাতের আকাশে হঠাৎই দেখা মিলল রহস্যময় আলোর ঝলকানির। ঘটনাকে ঘিরে দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেন, আকাশে দ্রুতগতিতে ছুটে যাওয়া উজ্জ্বল আলোর রেখা কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান ছিল। এরপরই শুরু হয় নানা জল্পনা।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রাতের নিরিবিলি পরিবেশের মধ্যে আচমকাই আকাশ আলোকিত হয়ে ওঠে। কেউ কেউ মোবাইলে সেই দৃশ্য ধারণ করারও চেষ্টা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আলোর ঝলকানির ভিডিও ও ছবি।
ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি কোনও ক্ষেপণাস্ত্র বা সামরিক মহড়ার অংশ হতে পারে। আবার কেউ কেউ একে “সিজ্জিল মিসাইল”-এর আলোর রেখা বলেও মন্তব্য করেছেন। যদিও এই বিষয়ে প্রশাসন বা নিরাপত্তা বাহিনীর তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি মন্তব্য সামনে আসেনি।
বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, এটি মহাকাশে কোনও উপগ্রহ, উল্কাপিণ্ড বা উচ্চগতির বস্তুর আলোক বিচ্ছুরণও হতে পারে। তবে প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে কৌতূহলের পাশাপাশি জনমনে বাড়ছে উদ্বেগও। প্রশাসনের তরফে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
