বড়মুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়

গোপল সিং, খোয়াই, ১৬ জুন || এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। বড়মুড়া পাহাড় এলাকায় একটি অনিয়ন্ত্রিত পিকআপ গাড়ির ধাক্কায় বিধায়িকা ও তাঁর সহগামীরা আহত হয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা মহকুমায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিধায়িকা কল্যাণী সাহা রায় আগরতলা থেকে রাষ্ট্রীয় মহাসড়ক ধরে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসছিলেন। যাত্রাপথে বড়মুড়া পাহাড়ের একটি বিপজ্জনক বাঁক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বোলেরো পিকআপ গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই ঘাতক গাড়িটি বিধায়িকার সরকারি গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বিধায়িকার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই আকস্মিক দুর্ঘটনায় বিধায়িকার গাড়ির চালক গুরুতর আঘাত পেয়েছেন। পাশাপাশি গাড়িতে থাকা বিধায়িকা কল্যাণী সাহা রায়, তাঁর দুইজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং সিএ অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা দ্রুত উদ্ধারকার্যে হাত লাগান এবং আহতদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসে চম্পকনগর আউট পোস্টের পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘাতক বোলেরো পিকআপ গাড়িটিকে আটক করে এবং সেটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, বর্তমানে বিধায়িকাসহ তাঁর সহগামীরা সকলেই আশঙ্কামুক্ত ও নিরাপদে রয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*