আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন || রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আ্যসপিরেশনাল জেলা ধলাইয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করা হলো। মঙ্গলবার হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার জন্য মোট ১৫টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি বলেন, রাজ্য সরকার শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল—সব এলাকার সমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে।
এদিন স্বচ্ছ ভারত মিশনের আওতায় পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে জেলার জন্য ৮টি বর্জ্য সংগ্রহের গাড়িরও শুভ সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী জানান, উন্নত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব-সহ প্রশাসনের বিভিন্ন পদস্থ আধিকারিক, জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। নতুন প্রকল্পগুলির বাস্তবায়নের মাধ্যমে ধলাই জেলার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।
