আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের’ ১২ বছর পূর্তি উপলক্ষে বুধবার রানীরবাজার পৌরপরিষদ অফিসের গীতবিতান হলে এক জনকল্যাণ শিবির ও কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে নবনিযুক্ত বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়কে সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভারতীয় জনতা পার্টি সদর (গ্রামীণ) জেলার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ১০ মজলিশপুর মণ্ডল এবং ব্যক্তিগত পক্ষ থেকে নবনিযুক্ত প্রদেশ সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও সফল কার্যকালের জন্য শুভকামনা জানান।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের যুবসমাজকে সংগঠনের সঙ্গে যুক্ত করে দেশগঠনের কাজে সামিল করাই দলের অন্যতম প্রধান লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দলীয় সংগঠনকে আরও মজবুত ও শক্তিশালী করে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
