আপডেট প্রতিনিধি, সাব্রুম, ২৫ জুন || মেধাবী যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের এই কৃতিত্বকে কুর্নিশ জানাতে আজ দক্ষিণ জেলার মতাইস্থিত মা মোহিনী কমিউনিটি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। হৃষ্যমুখ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।
উদ্বোধনী সংগীত পরিবেশন করে হৃষ্যমুখ বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রীদের আকর্ষণীয় ও মনোজ্ঞ নৃত্য পরিবেশনা পুরো অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রা দেয়।
অনুষ্ঠানে কৃতিদের উৎসাহিত করতে একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মঞ্চ আলো করে
রাজ্যের রেড ক্রস সোসাইটির সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধূরী, এডিশনাল এস পি সুমন মজুমদার হৃষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, সমাজসেবী নকুল পাল, ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারী হাফিজ উদ্দীন সহ অন্যান্য অতিথিবৃন্দ,
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মূল সংবর্ধনা পর্ব শুরু হয়। চলতি বছরের বোর্ড পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জনকারী কৃতি ছাত্র-ছাত্রীদের একে একে মঞ্চে ডেকে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও স্মারক তুলে দেওয়া হয়।সম্মানিত অতিথিরা তাঁদের মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের আগামী দিনে আরও ভালো পড়াশোনা করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। তাঁরা কৃতিদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সাথে বর্তমান প্রজন্মের অবক্ষয় রুখতে এবং যুবসমাজকে রক্ষা করতে শিক্ষার্থীদের সমস্ত রকম মাদকতা ও নেশার জগৎ থেকে দূরে থাকার জোরালো আহ্বান জানান বক্তারা। উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
