আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || রাজধানী আগরতলার প্রাণকেন্দ্র রামনগরে বৃহস্পতিবার একটি আবাসিক ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রামনগর রোড নং-৪ তথা শঙ্কর চৌমুহনী এলাকার একটি অ্যাপার্টমেন্টে আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটটির বড় অংশ ঝলসে যায় এবং আশপাশের প্রায় ১২ থেকে ১৩টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দমকল বাহিনী ও পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থল পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও, পুলিশ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
