ত্রিপুরার পুলিশ প্রশাসনে শোকের ছায়া: প্রয়াত ডিজিপি অনুরাগ ধানকর, জিবি হাসপাতালে মন্ত্রী ও আধিকারিকদের ভিড়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || সোমবার রাজ্যের পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধানকরের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সমগ্র রাজ্যে। সোমবার সকালে তাঁকে নিজ দপ্তরের কক্ষের শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর তাঁকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা দুপুর ১২টা ৪৮ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হলেও, ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।
ডিজিপির শারীরিক অবস্থার খোঁজ নিতে জিবি হাসপাতালে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধীদল নেতা জীতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা সহ রাজ্য পুলিশের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক।
অনুরাগ ধানকরের এই আকস্মিক প্রয়াণে প্রশাসনিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর দীর্ঘ কর্মজীবন ও প্রশাসনিক অবদান স্মরণ করে বহু মহল গভীর শোক প্রকাশ করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*