নয়নপুর বাজারে এবিভিপির বিশাল বিক্ষোভ মিছিল, চুরাইবাড়ির ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি

গোপাল সিং, খোয়াই, ১৮ আগস্ট || অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) কমলনগর নগর শাখার উদ্যোগে আজ নয়নপুর বাজারে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। সম্প্রতি উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি এলাকায় জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতেই রাজপথে নামে এবিভিপি। সংগঠনের নেতৃত্বের অভিযোগ, গত ১৫ই আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন তাঁদের সংগঠনের কার্যকর্তারা। সেখানে স্থানীয় সিপিআই(এম) বিধায়ক ইসলাম উদ্দিন এবং ছাত্র সংগঠন এসএফআই-এর ক্যাডাররা তাঁদের ওপর অমানুষিক হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন এবিভিপি কার্যকর্তা গুরুতর আহত হন, যাঁদের পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করতে হয়।
সংগঠনের জেলা ও নগর নেতৃবৃন্দ জানান, ওই হিংসাত্মক ঘটনার পরই এবিভিপি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে থানায় লিখিত এফআইআর দায়ের করে অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময়সীমা বা আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রতিবাদকারীরা।
আজকের বিক্ষোভ মিছিল শেষে এবিভিপি নেতৃত্ব ত্রিপুরা পুলিশের প্রতি আহ্বান জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান। একই সাথে হুশিয়ারি দিয়ে বলা হয়, পুলিশ যদি দ্রুত কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামী দিনে পুরো রাজ্যজুড়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আজকের এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন এবিভিপি কমলনগর নগর সম্পাদক হিমান সরকার, অফিস সম্পাদক সমরজিৎ চৌধুরী, নয়ন সরকার, আয়ন্তন বিশ্বাসসহ কমলনগর এলাকার বিভিন্ন বিদ্যালয় স্তরের প্রচুর সংখ্যায় কার্যকর্তা ও সমর্থকেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*