জোটসঙ্গীদের নিয়ে জোলাইবাড়ী ব্লকে মনোনয়ন জমা বিজেপি-তিপ্রা মথা-আইপিএফটির

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ সেপ্টেম্বর || আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের নিয়ে জোলাইবাড়ী ব্লকে মনোনয়নপত্র দাখিল করল বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি। সোমবার ত্রিদলীয় বৈঠকের মাধ্যমে আসন সমঝোতা চূড়ান্ত করার পর জোটের প্রার্থীরা আনন্দ-উৎসাহের সঙ্গে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পর আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয় তিপ্রা মথা ও আইপিএফটি। সেই সিদ্ধান্ত অনুযায়ী জোলাইবাড়ী ব্লকের অধীন বিভিন্ন ভিলেজে আলোচনার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়।
বিজেপি ও আইপিএফটির নেতৃত্বরা সংবাদমাধ্যমকে জানান, জোলাইবাড়ী ব্লকের অধীনে মোট ১০টি এডিসি ভিলেজ রয়েছে। এর আওতাধীন ৪৮টি ওয়ার্ডে জোটের পক্ষ থেকে মোট ৮৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বলে জানান তারা।
জোট নেতৃত্বের দাবি, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এডিসি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন তাঁরা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার আশাবাদ ব্যক্ত করেন নেতৃত্বরা।
এদিন মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে জোলাইবাড়ী ব্লক চত্বরে বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জোটের প্রার্থীদের সঙ্গে দলীয় কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*