দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০১ মার্চ ।। সাম্প্রতিক সময়ে রাজ্যের নানা প্রান্তে যাত্রী পরিষেবায় সঙ্কটের পেছনে ট্রাফিক এবং আরক্ষা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে যাত্রী পরিষেবায় যুক্ত শ্রমিকরা। বাস, কমান্ডো, ক্রুইজার, ম্যাক্স গাড়ী গুলোতে আইনী বাঁধন লঙ্ঘনের নামে রীতিমতো পকেট কাটার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার, শহরের নাগেরজলা স্ট্যান্ডে যাত্রী পরিষেবা স্তব্ধ হয়ে পরে। দূরপাল্লার অফিস যাত্রী সহ সাধারন মানুষ চরম সঙ্কটের মুখে অবতীর্ণ হয়। নাগেরজলা স্ট্যান্ডে যাত্রী পরিষেবায় যুক্ত শ্রমিকরা বলেছেন ইদানীং ট্রাফিক এবং পুলিশ দপ্তর পথে পথে মর্জিমাফিক চেকিংয়ের নামে হাজার, দু’হাজার টাকা স্পট ফাইন করছে। যাত্রী সংখ্যা, মাথা গোনার চড়া মাশুল দিতে হচ্ছে যান চালকদের। কোন রাজার আদেশে এইসব হচ্ছে প্রশ্ন করলেই উর্দিধারীরা গাড়ী চালনা বন্ধ করে দেয়া হবে বলে শাসানো হচ্ছে। নাগেরজলায় প্রচন্ড যাত্রী ভীড় এবং যান চলাচল বন্ধের সংবাদ পেয়ে ছুটে আসেন পশ্চিম থানা এবং এ ডি নগর থানার কর্মকর্তারা। কমার্শিয়াল যাত্রী পরিষেবায় যুক্ত শ্রমিকদের প্রতিবাদ এবং ফলশ্রুতিতে মানুষের দুর্ভোগের প্রশ্নে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন নাকাল যাত্রীরা। নাগেরজলায় মঙ্গলবার সকালের দিকে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকলেও দুপুরের পর থেকে কিছু কিছু যান চলাচল শুরু হয় – অটো চলাচল করলেও প্রাইভেট মারুতি চুটিয়ে কামাইয়ে নেমে পড়েছে।
