নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ ৷৷ এমুহূর্তে ত্রিপুরার রাজনীতিতে যোগ বিয়োগের যা কিছু হচ্ছে তাঁর সবটাই ২০১৮-র বিধানসভা ভোটকে সামনে রেখে। রাজ্যের মানুষ রাজনীতির অঙ্গনে ঘটে চলা পরিবর্তনের দিকে সাগ্রহে তাকিয়ে আছেন আদৌ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দির আবির্ভাব হয় কি না। সাম্প্রতিক সময়ে ত্রিপুরার রাজনীতিতে সবচাইতে চমকপ্রদ ঘটনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু নেতা কর্মীরা দল ত্যাগ করে অন্য দলে যোগ দিচ্ছেন। এবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপি’তে যোগ দিতে যাচ্ছেন বেশ কয়েকজন তৃণমূল নেতা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী, তৃণমূল নেতা অরুণ চন্দ্র ভৌমিক এবং নিতাই চৌধুরী আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দেবেন বলে জানা গেছে।
