আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর ৷৷ বহু প্রতিক্ষার পর অবশেষে চূড়ান্ত রাজধানী এক্সপ্রেস সূচনার দিনক্ষণ। রাজ্যবাসীর প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮শে অক্টোবর থেকে চালু হচ্ছে আগরতলা-দিল্লী রাজধানী এক্সপ্রেস। এদিন আগরতলা রেল স্টেশনে দুপুর ১টায় এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০৫০১/২০৫০২ রাজধানী এক্সপ্রেস ট্রেনটির সূচনা করবেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই। এদিন আগরতলা থেকে ছেড়ে রাজধানী এক্সপ্রেস ট্রেনটি দিল্লীর আনন্দ বিহার রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। ২৮শে অক্টোবর আগরতলা রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেস ট্রেনটির সূচনালগ্নে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, পরিবহণমন্ত্রী মানিক দে, স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, সাংসদ জিতেন্দ্র চৌধুরী, শংকর প্রসাদ দত্ত, ঝর্ণা দাস বৈদ্য, বিধায়ক দিলীপ সরকার।উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দুদিকে দুটি পাওয়ারভ্যান তথা বাতানুকুল যন্ত্র চালানোর বিশেষ ব্যবস্থা সহ রাজধানী এক্সপ্রেসের মোট ১৯টি কোচ নিয়ে গভীর রাতে আগরতলা রেল স্টেশনে আসে পরীক্ষামূলক চলাচলের জন্য।
