আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর ৷৷ বিজ্ঞানের যুগে জীবনের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে – প্রত্যেকেই গতির সঙ্গে মানিয়ে নেয়ার প্রচেষ্টায় লিপ্ত। সাবেকী পদ্ধতির জায়গায় পরিবর্তন প্রায় প্রাত্যহিক হয়ে দাঁড়িয়েছে। সেই সূত্র ধরেই আগরতলা বাধারঘাটস্থিত রামঠাকুর কলেজের রসায়ন বিভাগের প্রধান তথা সহকারী অধ্যাপক ডঃ অরিজিৎ দাসের শিক্ষাদানে যুক্ত হল যুগের সঙ্গে তাল মিলিয়ে নব প্রযুক্তি। শুধু রাজ্য নয়, দেশ ছাড়িয়ে বিদেশের বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য রসায়নকে সহজবোধ্য করার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদানের স্বপ্ন নিয়ে ডঃ দাস www.arijitchemistryworld.com নামে নতুন এক ওয়েবসাইটের সূচনা করেছেন। ডঃ দাসের প্রত্যাশা তাঁর এই নতুন রসায়ন
সম্পর্কিত ওয়েবসাইট রসায়ন বিদ্যার ক্ষেত্রে বিজ্ঞানের উত্তরসূরীদের অনেকটাই সহজ পথের দিশা দেবে।ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদানে ডঃ দাসের এই নব প্রযুক্তিকে সাধুবাদ জানিয়েছেন রসায়নের বিখ্যাত স্কলার অধ্যাপক ডঃ জি এন মুখার্জি। ডঃ দাসকে এক শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ডঃ জি এন মুখার্জি লিখেছেন “You are really great, Arijit”।
উল্লেখ্য, ডঃ অরিজিৎ দাসের ‘Education in Chemical Science & Technology’ তে রসায়ন বিদ্যার ১৬টি সহজ শিক্ষাদান পদ্ধতি সহ ৩৬টি আধুনিক ফর্মুলার সংযোজন রয়েছে। ২০১৫ সালেই Indian Chemical Society ডঃ দাসের এই নতুন ফর্মুলা অনুমোদন দেয়। তাছাড়াও আমেরিকার রাসায়নিক শিক্ষা সম্পর্কিত জার্নাল “World Journal of Chemical Education”-র বুক চাপ্টারে ডঃ দাসের ৪টি বন্ধন ক্রমের জন্য এবং ৩টি চুম্বকীয় ধর্মের জন্য মোট ৭টি ফর্মুলা প্রকাশিত হয়। এইসব সহজবোধ্য ফর্মুলা ডঃ দাসের ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা সহজেই পেয়ে যাবে। যাতে করে রসায়নের ছাত্রছাত্রীদের অনেকটাই সহজ পথের দিশা দেবে ডঃ দাসকে এই ওয়েবসাইট।
